1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নির্বাচনী বিরোধে সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছুরিকাঘাত

  • সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ভোটারদের টাকা বিতরণে বাধা ও মোটরসাইকেল আটকের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গিয়াস উদ্দিন (৩৫) নামের এক জামায়াত কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শাহ আলম (৩৭) নামের এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া গ্রামের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মী গিয়াস উদ্দিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাঙ্গিয়া মাদ্রাসা-সংলগ্ন সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।

আহত জামায়াত কর্মী গিয়াস উদ্দিনের ভাতিজা রশিদ শাহরিয়ার নাঈম বলেন, ‘নির্বাচনের আগের দিন রাতে শাহ আলম সোনাকানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রঙ্গিপাড়ায় দলবল নিয়ে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছে, এমন খবর পেয়ে আমরা ১০ থেকে ১৫ জন তাদের ধরতে গিয়েছিলাম। এ সময় তারা আমাদের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল রেখে সেখান থেকে পালিয়ে যায়। তখন আমরা নির্বাচনের পর মোটরসাইকেলটি ফেরত দেওয়ার উদ্দেশ্যে জব্দ করে রেখেছিলাম। ওই ঘটনার জেরে শাহ আলম দলবল নিয়ে আমার চাচার মোটরসাইকেল গতিরোধ করে তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।’

সোনাকানিয়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘ভোটারদের টাকা বিতরণ ও ভোটকেন্দ্র দখলে বাধা এবং মোটরসাইকেল আটকের ঘটনাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিনকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। অভিযুক্ত শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত প্রকৃতির লোক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন বলেন, ‘স্থানীয় জামায়াত কর্মী গিয়াস উদ্দিন মোটরসাইকেলযোগে ভরিয়ারকুল সড়ক হয়ে হাতিয়ারকুল এলাকার দিকে যাওয়ার সময় এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী তাকে মারধর ও ছুরিকাঘাত করেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসাইন বলেন, ‘ছুরিকাঘাতে আহত গিয়াস উদ্দিন আমাদের একজন সক্রিয় কর্মী। তিনি সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করায় সন্ত্রাসী শাহ আলম তার দলবল নিয়ে গিয়াসকে মারধর ও ছুরিকাঘাত করে। আমরা এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহ আলমের ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গিয়াস নির্বাচনের আগের রাতে আমার ভাতিজাদের মোটরসাইকেল রেখে দিয়েছিল। এবার তারা নিজেদের মধ্যে পূর্বপরিকল্পিতভাবে মারামারি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।’

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন