‘মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব অনেক বেড়ে গেছে’

প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চেয়েও একজন ইউটিউবারের প্রভাব অনেক বেশি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে গণমাধ্যম জগতের চেহারা এবং কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চেয়েও একজন ইউটিউবারের প্রভাব-প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। এটি হয়েছে তথ্যপ্রযুক্তি এবং কমিউনিকেশন সায়েন্সের রূপান্তরিত পরিস্থিতির কারণে।

তিনি বলেন, অনলাইন পত্রিকা, আইপি টিভির মতো কিছু প্লাটফর্ম তৈরি হয়েছে। ফলে আগের মতো আমরা বা সরকার চাইলেই পুরোনো নিয়ন্ত্রণের আইন কাঠামো… তার আওতার মধ্যে এগুলো পড়ে না। আবার এগুলো কিন্তু আমাদের সভ্যতার অনুষঙ্গে পরিণত হয়েছে। ফলে পুরো ব্যাপারটাই একটা স্ট্র্যাটেজিক ডিসকাশন।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়েই একটি স্ট্র্যাটেজিক মুভ (পরিকল্পিত পদক্ষেপ) নিতে চাই। এজন্য আমি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন্তব্য করতে চাচ্ছি না আপাতত।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের এক ধরনের নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার নৈতিক দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। এই নৈতিক দায়িত্ব পালনে কোনো উদ্যোক্তার প্রতি কি পরিমাণ চাপ প্রয়োগ করা যাবে, তার কোনো আইন নেই। ফলে সবটাই আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসকাশনের মধ্যে আনতে হবে। আমি আপনাদের সবার সহযোগিতা চাই এ বিষয়ে।

এ সময় জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বসম্মতভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই এ সংক্রান্ত একটি আইন পাস করা হবে।

মন্ত্রী জানান, নির্বাচনি ওয়াদা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবারকে এই কার্ড দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে এবং প্রতিটি এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

সরকারের সংস্কারমূলক উদ্যোগের কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) কোনো শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। এছাড়া প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা বিশাল ভিআইপি প্রটোকল বহরও বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যসেবা উন্নত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কাজ শুরু হয়েছে, যার ৮০ শতাংশই নারী। সবাইকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। এদিকে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস বাবদ ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় এবার কোনো অসন্তোষ ছাড়াই শান্তিতে ঈদ কাটছে বলে উল্লেখ করেন জহির উদ্দিন স্বপন ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে কিছুটা কঠিন সময় চললেও আপাতত জ্বালানির কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তাই আতঙ্কিত হয়ে বাড়তি জ্বালানি কেনার প্রয়োজন নেই।

এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর পাশাপাশি সব বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ৪০০-এর বেশি প্রবাসীকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান জহির উদ্দিন স্বপন।