শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর নড়াইল জেলা শাখার সহ-সভাপতি কাজী আব্দুল আলিম-এর নেতৃত্বে নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হয়। পরে অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’ এমন বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ করেন।
পরে নিজের ফেসবুক পোস্টে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আব্দুল আলিম লেখেন, দীর্ঘ বিরতির পর নড়াইল জেলার অন্তর্গত নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, মোহাম্মদ কুটি মিয়া শেখ, মোহাম্মদ তুহিন শেখসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




















Leave a Reply