ঢাকা-৪ ও ৫ আসনের সমস্যা নিয়ে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির বৈঠক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দুই সংসদ সদস্য তাদের সংশ্লিষ্ট এলাকার গ্যাস সংকট, মাদক বিস্তার, কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য, খেলার মাঠের অভাব, স্বাস্থ্যসেবার দুর্বলতা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের বেহাল দশা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, নিরাপদ পানির সংকট এবং উন্নয়ন কার্যক্রমে ধীরগতিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি জলাবদ্ধতার কারণ ও নিরসনের উপায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কবরস্থান ও কমিউনিটি সেন্টারের অভাব এবং হাম সংক্রমণ নিয়েও আলোচনা করা হয়।

শুরুতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নতুন প্রশাসককে মহানগরীর আমীর জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি’র সালাম পৌঁছে দেন এবং শুভেচ্ছা জানান।

এসময় ডিএসসিসি প্রশাসক মোঃ আব্দুস সালাম উপস্থিতদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে দ্রুত যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে নগর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।