ঢাকা-৪ আসনে ১১ দলীয় ঐক্য জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীনের পক্ষে ভোট চাওয়া ও ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী উত্তর দনিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় রোড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীনের সমর্থকরা এলাকায় গিয়ে ভোটারদের স্লিপ বিতরণ এবং ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসের মাধ্যমে ভোটারদের তথ্য সহায়তা প্রদান করছিলেন। এ সময় তারা বাসায় অবস্থানরত এক ব্যক্তির কাছে ভোটার আইডি কার্ড দেখতে চাইলে তিনি উত্তপ্ত হয়ে ওঠেন এবং হঠাৎ সমর্থকদের ওপর মারধর শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী মামুন খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতা হিসেবে পরিচিত।
হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা শান্ত পরিস্থিতি বজায় রাখার দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে পুলিশি ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply