মৃত ২ শিক্ষক হলেন সহকারী প্রিজাইডিং অফিসার!

জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পেয়েছেন মৃত দুই শিক্ষক। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে আজ বৃহস্পতিবার তাদের নামে চিঠি পাঠিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। 

মৃত ব্যক্তিরা হলেন চরমাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম এবং পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আকা। এ তথ্য নিশ্চিত করেছেন চরমাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার শফিউল আলম ও পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, দেওয়ানগঞ্জে ভোটার সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৪৬৫টি। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ৫৭২, নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৮৯২ ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা একটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলার ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। বুথ থাকবে ৪৩৭টি। তার মধ্যে লোকবল প্রয়োজন প্রিজাইডিং অফিসার ৭৫ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪৩৭ জন এবং পোলিং অফিসার ৮৭৪জন। তার বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রিজাইডিং অফিসার পদে ৭৯জন, সহকারী প্রিজাইডিং অফিসার পদে ৪৫৯জন এবং পোলিং অফিসার পদে ৯১৮জনের তালিকা তৈরি করেছে উপজেলা নির্বাচন অফিস। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারী আব্দুল খালেম মেমোরিয়াল কলেজে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য মৃত দুই ব্যক্তির নাম উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে। তার মধ্যে চরমাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম মারা গেছেন দেড় বছর আগে এবং পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আকা মারা গেছেন চার মাস আগে।

চরমাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার শফিউল আলম বলেন, আব্দুল করিম মারা গেছেন দেড় বছর আগে। তিনি এই মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিতে তার নামে চিঠি পাঠানো হয়েছে।

পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের ভাষ্য, সহকারী শিক্ষক আতাউর রহমান মারা গেছেন চার মাস আগে। তার নামে নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য চিঠি এসেছে। পরে তার স্থলে অন্য শিক্ষকের নাম দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, কারিগরি ত্রুটির কারণে ওই দুই মৃত ব্যক্তি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তালিকা থেকে ওই নাম দুটি অপসারণ করার প্রক্রিয়া চলছে।