নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের প্রায় পরিত্যক্ত কার্যালয়ে আকস্মিকভাবে বেজে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।
শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে অডিও ভাষণটি প্রচার করা হয়। এতে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভাঙাচোরা ও প্রায় পরিত্যক্ত কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকের মাধ্যমে ঐতিহাসিক ভাষণটি বাজানো হচ্ছে। তবে মাইকটি কারা, কখন এবং কীভাবে সেখানে স্থাপন করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও দেখা যায়নি।
দলের কিছু নেতাকর্মী তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের ভিডিওটি শেয়ার করে বিষয়টি জানান দেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক বলেন, এ ধরনের ঘটনার কথা আমরা শুনেছি। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানা গেছে।