রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

ডিএমপি কমিশনারের ব্রিফিং

সোহরাওয়ার্দী উদ্যানে বেলা পৌনে ১১টায় অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

জামায়াতের কর্মসূচি

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিকেল সাড়ে ৪টায় মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয়ে (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

এ ছাড়া বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনে পিলখানায় বিডিআর বিদ্রোহের নৃশংস ঘটনার বিচারের দাবি ও শহীদদের স্মরণে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি

সকাল সোয়া ৯টার দিকে সায়েদাবাদের ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন এবং মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

রমজান উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় বেলা ১১টায় র‍্যাব-২ এর নেতৃত্বে র‍্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যৌথ মোবাইল কোর্ট পরিচালনা হবে।